হরিপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা, ২০ মণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস। এতে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সভায় উপস্থিত ছিলেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আবু তাহের, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইসমাঈল হোসেন, উপজেলার এজিএম মো. রুবেল হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধুসূদন দেবনাথ ও সাধারণ সম্পাদক কালিকান্ত রায়সহ উপজেলার ছয়টি ইউনিয়নের ২০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং স্বেচ্ছাসেবক নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পূজার সময় প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে নজরদারি বাড়ানো হবে।
সভা শেষে নিরাপত্তা ও অগ্নিদুর্ঘটনা মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে উপজেলার ২০টি পূজামণ্ডপে একটি করে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। অতিথিরা মণ্ডপ কমিটির নেতাদের হাতে এসব যন্ত্র তুলে দেন। এ সময় ফায়ার সার্ভিসের একজন লিডার উপস্থিত পূজারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ দেন।
এদিকে, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো. জামাল উদ্দিনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে। আগামীকাল রোববার (১১ অক্টোবর) এ অনুদান বিতরণ করা হবে বলে উল্লেখ করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ২০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ নম্বর গেদুড়া ইউনিয়নে দুটি, ২ নম্বর আমগাঁও ইউনিয়নে পাঁচটি, ৩ নম্বর বকুয়া ইউনিয়নে দুটি, ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নে ছয়টি, ৫ নম্বর হরিপুর ইউনিয়নে তিনটি এবং ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নে দুটি পূজামণ্ডপ রয়েছে।
সভায় বক্তারা বলেন, হরিপুর একটি সীমান্তবর্তী উপজেলা হলেও এখানে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রয়েছে। এ ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সব ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।