নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী, দর্শকদের উচ্ছ্বাস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম

মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় উৎসবমুখর পরিবেশে প্রদর্শিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’। চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীতে স্থানীয় দর্শক ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনস্থল।

নওগাঁ ফিল্ম সোসাইটি (এনএফএস)-এর সৌজন্যে এবং ফিল্মহলিক প্রোডাকশনের প্রযোজনায় চলচ্চিত্রটির দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। শহরের বইপট্টি এলাকার ‘আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার’-এ (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম এবং রাত ৮টায় দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জিএম জাকির হোসেন।

সোহরাব হোসেন উল্লাস পরিচালিত চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন জিলানী সাকিব ও নিদ্রা দে নেহা। নায়কের বন্ধুর চরিত্রে দেখা গেছে মেহেদী হাসান অন্তর ও জগদীশকে। খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন মাকফুরু হাসান বিদ্যুৎ। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাকলায়েন, তসলিমা ফেরদৌস, কায়েস উদ্দীন, মাইনুল ইসলাম মঙ্গল, গোপাল চন্দ্র প্রামাণিক, শ্যামল কুমার রয় ও আব্দুল রহিমসহ অনেকে।

চলচ্চিত্রটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন রাজা ফকির। প্রযোজনা, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব পালন করেছেন সোহরাব হোসেন উল্লাস।

চিত্রগ্রহণে ছিলেন মিজানুর রহমান ও কাওসার রাজীব এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন নাজিবুল ইসলাম মুন।

প্রদর্শনী শেষে দর্শকদের কাছ থেকে চলচ্চিত্রটির গল্প ও অভিনয় নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়। তাঁদের মতে, কাহিনির আকর্ষণীয় উপস্থাপন এবং শিল্পীদের সাবলীল অভিনয় চলচ্চিত্রটিকে দর্শকদের কাছে উপভোগ্য করে তুলেছে।

স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের প্রত্যাশা, নওগাঁয় এ ধরনের চলচ্চিত্র প্রদর্শনী ও নির্মাণ উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে জেলার সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং স্থানীয় চলচ্চিত্রচর্চায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com