সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামে ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকেরা। আদালত চত্বরে এক গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগে চট্টগ্রামের স্থানীয় সাংবাদিকদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কমিটি।

আয়োজক সূত্রে জানা গেছে, আলোচিত ঘটনার অন্তত ১৭ দিন আগেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে পরীমনির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছিল। তবে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং তাঁদের দাবির প্রতি সম্মান জানিয়ে শেষ পর্যন্ত সেই চুক্তি বাতিল করা হয়েছে। ইতোমধ্যে পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে পরীমনি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ তাঁর এই পোস্টের পরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান চট্টগ্রামের সাংবাদিকেরা।

চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ও কালের কণ্ঠের প্রতিবেদক ফারুক মুনিরসহ স্থানীয় সাংবাদিকেরা এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, ভুক্তভোগী গণমাধ্যমকর্মীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত পরীমনিকে চট্টগ্রামের কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে গ্রহণ করা উচিত নয়।

সাংবাদিকদের এই প্রতিবাদের পর আয়োজক কমিটি পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে নির্ধারিত চুক্তি ও পূর্বপ্রস্তুতি থাকা সত্ত্বেও তাঁকে ছাড়াই আয়োজন করতে হচ্ছে ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com