তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে গঙ্গাচড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: 

‎প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর (সিজন-২)। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—স্লোগানে দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে রংপুরের গঙ্গাচড়ায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস।

‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন মারুফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়ন, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া শিক্ষক, নিবন্ধিত শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় ক্রীড়াবিষয়ক উদ্বুদ্ধকরণ কার্যক্রম।

‎আমন্ত্রিত অতিথিরা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস গড়ে তোলার অন্যতম ক্ষেত্র। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শহর-গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ পাবে। যথাযথ প্রশিক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে এসব প্রতিভাই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com