মীরসরাইয়ে যুবদল নেতা গ্রেফতার, বাড়ি থেকে এলজি-ছোরা ও রকেট ফ্লেয়ার উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের মীরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর বাড়ি থেকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নওশাদ আলম সাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মীরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ডোমখালী এলাকায় অভিযান চালায়। এ সময় নওশাদ আলমকে গ্রেফতার করা হয়। পরে তাঁর বাড়ি থেকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন সংবাদমাধ্যমকে বলেন, অস্ত্রসহ নওশাদ আলম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ বিষয়ে মীরসরাই থানা যুবদলের সমন্বয়ক এসএম সুমন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রধারীর জায়গা হবে না। কারও ব্যক্তিগত দায় দল নেবে না। বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”