সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক, সন্ত্রাস,বৈষম্য বিরোধী আসামীসহ আটক ১২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন ১২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইন, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলা, মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার দেখানো হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়। অভিযানে বৈষম্যবিরোধী মামলায় ২ জন, সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন, মাদক মামলায় ৫ জন, চুরি মামলায় ১ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার হয়েছেন সোনারগাঁও সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. ফাহিম প্রধান (২৫) এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সোনারগাঁ পৌরসভার ওয়ার্ড পর্যায়ের সাবেক সভাপতি আবুল কাশেম মোল্লা (৬৫)।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয় জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকার হযরত আলী (৬৪), কাঁচপুর সেনপাড়ার মো. শাহ আলম (৪৩) এবং ঢাকার যাত্রাবাড়ী থানার ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের মো. ইসমাইল হোসেন সিরাজী (৩৮)।

এছাড়া মাদক মামলায় মেঘনা ঘাট এলাকার মো. করিম সাহ (৩০) ও মিহাদুল (২২), তাতুয়াকান্দির মো. রানা এবং ফ্রেশ কোম্পানি সংলগ্ন এলাকার মো. ফয়সাল ও মো. নাইমকে (২২) গ্রেফতার করা হয়।

অন্যান্য মামলার মধ্যে চুরি মামলায় পটুয়াখালীর দশমিনা এলাকার মফিজুল গাজী (২২) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চাঁদপুরের কচুয়া এলাকার সাদ্দাম হোসেনকে (৩৯) গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com