নাটোরের বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, শীর্ষে ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। অন্যদিকে, জেলার মধ্যে ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, এ বছর বাগাতিপাড়া উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৫৪০ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৭২ জন এবং অকৃতকার্য হয়েছে ৮৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১০ জন শিক্ষার্থী।
শতভাগ অকৃতকার্য হওয়া তিনটি প্রতিষ্ঠানের মধ্যে চিথলিয়া হাইস্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হতে পারেনি। বাগাতিপাড়া পৌর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে একজন এবং তমালতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নিলেও তাদের কেউই পাস করতে পারেনি।
অপরদিকে, উপজেলার ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির তিনটি বিভাগ থেকে মোট ৪৮৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৪১০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ অর্জন করেছে ১০ জন শিক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সাধারণ শাখার ১০টি কলেজ, কারিগরি শাখার ১০টি প্রতিষ্ঠান এবং একটি আলিম মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।
একই উপজেলার একটি প্রতিষ্ঠানের সাফল্যের বিপরীতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে শিক্ষার মান নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।