ক্ষেতলালে খুদে ফুটবলারদের প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর দল গঠন বাছাইপর্ব অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
তৃণমূল পর্যায়ে খুদে ক্রীড়াবিদ ও ফুটবলারদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনকে গতিশীল করার লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে অনুষ্ঠিত হলো "নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২"-এর দল গঠনের বিশেষ বাছাইপর্ব।
বড়তারা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ বাছাইপর্বকে কেন্দ্র করে পুরো এলাকা ক্রীড়াপ্রেমী শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে বড়তারা ইউনিয়নের ১৯টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা বাছাইপর্বে অংশ নেয়। মাঠের লড়াইয়ে নিজেদের সেরা দক্ষতা তুলে ধরতে মুখিয়ে ছিল শিক্ষার্থীরা।
আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন এলাকার গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও বড়তারা ইউনিয়নের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং শরীরচর্চা ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার জনাব জাকির মুন্সী, বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ এবং বড়তারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিরা জানান, তৃণমূলের শিশুদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সৃজনশীল মানসিকতায় গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে।
বাছাইপর্বে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও উদীয়মান খুদে ক্রীড়াবিদদের আন্তরিক শুভকামনা জানানো হয়।