কোটচাঁদপুর হাসপাতালে সেবার মানোন্নয়নে এমপির সমন্বয় সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের সেবার মানোন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানভীর জামান প্রতীকের সভাপতিত্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। তিনি বলেন, - স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, কোনো ধরনের অযথা ভোগান্তির শিকার না হন এবং স্বল্প খরচে মানসম্মত সেবা লাভ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে।”
তিনি আরও বলেন, “হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা জরুরি।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান এবং কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান । এ ছাড়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালের সেবাব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে পারস্পরিক সমন্বয়, জবাবদিহি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এ ধরনের সভা নিয়মিত আয়োজন ও গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।