সীমান্তে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম
হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রামের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি এ তথ্য জানায়।
বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধ, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কর্মকাণ্ড দমনে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে তিস্তা ব্যাটালিয়নের ধবলসূতি বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর ধরলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় মোটরসাইকেল আটক করে।
অন্যদিকে, একই সময়ে তিস্তা ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে পাটগ্রাম রাবার ড্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করা হয়। বিজিবি জানায়, আটক করা মালামালের মোট সিজার মূল্য ১৪ লক্ষ ১০ হাজার টাকা।
তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনুল ইসলাম, পিএসসি, ইঞ্জি. এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।