দিনাজপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি বিপ্লব হোসেনকে (১৮) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন দশতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবির দিনাজপুর ও নারায়ণগঞ্জের দুটি ইউনিটের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার বিপ্লব হোসেন দিনাজপুরের পার্বতীপুর থানার পূর্ব শুকদেবপুর নায়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. আব্দুল গফুরের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত বিপ্লব তাঁর প্রতিবেশী। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, গত ২৩ আগস্ট সন্ধ্যায় বিপ্লব ওই কিশোরীকে একটি চিঠি দিয়ে একই গ্রামের আকবর মাস্টারের আমবাগানে যেতে বলেন। পরে রাত ২টার দিকে সেখানে গেলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পার্বতীপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ২৯।
এসআরবি জানায়, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর এবং সিপিএসসি, এসআরবি-১১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান।