মাদারীপুরে পার্কিং করা পুলিশ রেকারে প্রাইভেটকারের ধাক্কা: হোটেল ব্যবসায়ী নিহত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম
নাজমুল হাসান, মাদারীপুরঃ
মাদারীপুরে সড়কে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের রেকার গাড়ির পেছনে প্রাইভেটকারের ধাক্কায় সেলিম হাওলাদার (৪৫) নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম হাওলাদার মাদারীপুর পৌরসভার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার 'হোটেল মেট্রো' নামে একটি আবাসিক হোটেলের মালিক ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে কালকিনির ভূরঘাটা এলাকা থেকে নিজের প্রাইভেটকার চালিয়ে মাদারীপুর শহরে ফিরছিলেন সেলিম হাওলাদার। পথিমধ্যে তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে অন্য একটি দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার কাজে নিয়োজিত ও পার্কিং অবস্থায় থাকা হাইওয়ে পুলিশের রেকার গাড়ির সাথে সেলিমের প্রাইভেটকারটির প্রচণ্ড ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং সেলিম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, শুক্রবার সকালে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।