মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার 

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দুই কিশোরকে উদ্ধার করেছে ১৬ এপিবিএন। গ্রেপ্তার করা হয়েছে চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই রোহিঙ্গা ব্যক্তিকে।

পুলিশের কাছে দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর উখিয়ার বালুখালীর ৮ নম্বর (ই) ক্যাম্প থেকে ১৪ বছর বয়সী দুই কিশোরকে নৌকায় করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পরিবারের কাছ থেকে ৯৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে দুই কিশোরকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের এপিবিএন চেকপোস্ট দিয়ে নিয়ে আসা হচ্ছিল। এ সময় দায়িত্বরত সদস্যদের সন্দেহ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

উদ্ধার হওয়া কিশোরেরা হলো সৈয়দুল আমিন ও মফিজুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইউসুফ (৪৩) ও মোহাম্মদ ইউনুস (৩১)।

এ ঘটনায় ২৩ অক্টোবর টেকনাফ মডেল থানায় মানবপাচার মামলা হয়েছে। উদ্ধার হওয়া কিশোর ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানায় পাঠানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com