কালীগঞ্জ সীমান্তে ৭৮ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করল বিজিবি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: 

সাতক্ষীরার কালীগঞ্জে সীমান্তের প্রায় দেড় কিলোমিটার ভেতরে অভিযান চালিয়ে ৭৮ লাখ টাকা মূল্যের চার বোতল ‘জে অ্যান্ড বি মার্টিনি’ নামের মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরীক্ষায় এসব দ্রব্য হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানা গেছে। 

গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কোমপুর এলাকা থেকে এসব দ্রব্য জব্দ করা হয়। নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল এ অভিযান চালায়। 

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা দ্রব্যগুলো পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে এগুলো হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানা যায়। পরীক্ষা শেষে মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি জানায় ১৭ বিজিবি। 

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, বোতলগুলোর গায়ে প্রতিটির মূল্য ১৫ লাখ ভারতীয় রুপি উল্লেখ রয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি বোতলের মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা হিসেবে চার বোতলের মোট জব্দমূল্য দাঁড়িয়েছে ৭৮ লাখ টাকা। 

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ মাদকদ্রব্য জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com