পঞ্চগড়ের বোদায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:২৬ এএম

সঞ্জু বনিক সৌরভ | পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় | ১৯ অক্টোবর ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৩৫টি পরিবারকে ঢেউটিন ও ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ জনের প্রত্যেককে এক বান করে ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য তিন হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। এ ছাড়া একটি মন্দিরের জন্যও এক বান ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়। সব মিলিয়ে মোট ৩৬ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সহায়তা বিতরণকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, অনুদান দেওয়ার ক্ষেত্রে কোনো দলমত বিবেচনা করা হবে না। যারা সহায়তা পাওয়ার যোগ্য, তাদেরই সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে বোদা উপজেলার ক্রীড়াপ্রেমীদের হাতে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম তুলে দেন প্রতিমন্ত্রী।

এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com