শ্রীপুরে কাশেমীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ, চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধের আহ্বান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ পিএম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুফতি মুফাজ্জল হোসেন কাশেমীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা এহসানুল হক।

গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুফতি মুফাজ্জল হোসেন কাশেমীর পক্ষে সমর্থন চান। এ সময় প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে এহসানুল হক বলেন, সমাজ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূল করতে হলে আলেম-ওলামাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ন্যায়বিচার, সততা ও নৈতিকতার ভিত্তিতে সমাজ গঠনে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।

তিনি আরও বলেন, তেলিহাটি ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে মুফতি মুফাজ্জল হোসেন কাশেমীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা প্রয়োজন। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

চেয়ারম্যান প্রার্থী মুফতি মুফাজ্জল হোসেন কাশেমী বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে তেলিহাটি ইউনিয়নকে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করব। সাধারণ মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করব।”

তিনি আরও বলেন, ইউনিয়নের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক শান্তি বজায় রাখা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য।

গণসংযোগ ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে নেতাকর্মীরা তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে প্রার্থীর নির্বাচনী বার্তা পৌঁছে দেন।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com