দিনাজপুরে ট্রাক্টরচাপায় শিশু নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
খানসামায় শিশু আবিদ হাসানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চালক বিকাশ রায়কে পার্বতীপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।
দিনাজপুরের খানসামায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু আবিদ হাসান নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামি ট্রাক্টরচালক বিকাশ রায়কে (২৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বাঘাচড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বিকাশ রায় খানসামা উপজেলার পশ্চিম হাসিমপুর গ্রামের সুশীল রায়ের ছেলে।
এসআরবি-১৩-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ অক্টোবর দুপুর ২টা ৫ মিনিটের দিকে খানসামায় প্রতিবেশীর দোকানের সামনে খেলছিল শিশু আবিদ হাসান। এ সময় বিকাশ রায় দ্রুতগতিতে ট্রাক্টর-ট্রলি চালিয়ে এসে শিশুটিকে ধাক্কা দেন। এতে আবিদ গুরুতর আহত হয়।
পরে তাকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিশুর চাচা বাদী হয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যুর অভিযোগে খানসামা থানায় একটি মামলা করেন। মামলাটির নম্বর ৭।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর থেকে অভিযুক্ত বিকাশ রায়কে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর উপজেলার বাঘাচড়া গ্রামের ধীরেন রায়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার বিকাশ রায়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।