তরা মিল্ক ভিটা থেকে কোটাই মাঠ পর্যন্ত রাস্তা নির্মাণের ঘোষণা দিলেন শায়লা কবীর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তরা মিল্ক ভিটা থেকে কোটাই মাঠ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ মিটার সড়ক প্রথম ধাপে পাকা করার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী শায়লা কবীর । শনিবার (১০ অক্টোবর) বিকেলে চরকেল্লায় কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন ।
আয়োজক সূত্রে জানা যায়, বানিয়াজুরী ইউনিয়নের কেল্লা, উত্তর তরা, কোটাই, তরা, পূর্ব কুমুল্লী ও চর জাবরা এলাকার বাসিন্দাদের উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয় । তরা সেতুর পশ্চিম পাশে কালীগঙ্গা নদীর দুই পাড়ে প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শক সমবেত হন ।
প্রধান অতিথির বক্তব্যে শায়লা কবীর বলেন, অনুষ্ঠানে আসার পথে তিনি সড়কটির বেহাল দশা দেখেছেন । স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে তরা মিল্ক ভিটা থেকে কোটাই মাঠ পর্যন্ত সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে । খুব শিগগিরই কাজটি শুরু হবে বলেও জানান তিনি । পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সড়কের বাকি অংশের কাজ করা হবে । তিনি বলেন, নির্বাচনের সময় জনগণের উদ্দেশ্যে মানিকগঞ্জ-১ আসনের এমপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে । এছাড়াও তিনি বলেন, সংগঠন থেকে শুরু করে সকল পর্যায়ের নারীদের সাবলম্বী হিসেবে গড়ে তুলতে নারী উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন ।
অনুষ্ঠানে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের পক্ষ থেকে আয়োজক কমিটিকে ৫০ হাজার টাকা অনুদান দেন শায়লা কবীর । ভবিষ্যতে আরও বড় পরিসরে নৌকা বাইচ আয়োজনের আশ্বাসও দেন তিনি। পরে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ফ্রিজ পুরস্কার তুলে দেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. পারভেজ মিয়া, উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মো. রাজা মিয়া, জেলা যুবদলের সদস্য মো. আমির হামজা পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।
নৌকা বাইচকে ঘিরে কালীগঙ্গা নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ আয়োজনে নানা বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে চরকেল্লা এলাকা ।
আরও পড়ুন
নওগাঁয় স্কুল পড়ুয়া ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে কারাগারে জামায়াত নেতা ও শিক্ষক
পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী উদ্ধার, গ্রেফতার ২
চট্টগ্রামে মশারি টাঙিয়ে তরুণীদের অভিনব প্রতিবাদ, লক্ষ্য চসিকের মশক নিধন কার্যক্রম