চট্টগ্রামে মশারি টাঙিয়ে তরুণীদের অভিনব প্রতিবাদ, লক্ষ্য চসিকের মশক নিধন কার্যক্রম
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম
চট্টগ্রাম থেকে মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি এবং মশক নিধন কার্যক্রমে সিটি করপোরেশনের (চসিক) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিনব প্রতিবাদ জানিয়েছেন একদল তরুণী। মশক নিধনে কার্যকর পদক্ষেপের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মশারি টাঙিয়ে এর ভেতরে বসে প্রতিবাদ ও গণশুনানির আয়োজন করেন তাঁরা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে হাশমিরা হায়দার চৌধুরীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ‘মশা বড় নাকি মেয়র বড়?’—এমন স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের কার্যক্রমের সমালোচনা করেন অংশগ্রহণকারীরা।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে কর্মসূচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, প্রেস ক্লাবের সামনের ফুটপাতে মশারি টাঙিয়ে তার ভেতরে বসে প্রতিবাদ জানাচ্ছেন কয়েকজন তরুণী। তাঁদের এ ব্যতিক্রমী কর্মসূচি পথচারীদের মধ্যেও কৌতূহল সৃষ্টি করে।
কর্মসূচিতে হাশমিরা হায়দার চৌধুরী বলেন, “মেয়র সাহেবের কাছে কী মনে হয়? ওনার ক্ষমতা বেশি নাকি মশার ক্ষমতা বেশি? বর্তমানে আমাদের মনে হচ্ছে মশার ক্ষমতাটাই বেশি। তাই আমরা ওনাদের কাছে গিয়ে কথা বলতে পারছি না, মশার ভেতর থেকে কথা বলছি।”
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং কার্যকর ওষুধ প্রয়োগ জরুরি। শুধু প্রচার-প্রচারণা নয়, এ জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও নিয়মিত তদারকি।
কর্মসূচিতে বক্তব্য দেন জুলাইযোদ্ধা সাদিয়া আফরিন, তানিয়া আমিন ও আবদুল্লাহ আল মামুনসহ আরও কয়েকজন। তাঁরা চসিকের মশক নিধনে ব্যবহৃত ওষুধের মান নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের দাবি, নিম্নমানের বা মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের কারণে মশার উপদ্রব নিয়ন্ত্রণে আসছে না।
এ সময় আয়োজিত উন্মুক্ত গণশুনানিতে নগরবাসী ও পথচারীরা ডেঙ্গু পরিস্থিতি এবং মশক নিধন কার্যক্রমের ধীরগতি নিয়ে তাঁদের উদ্বেগ ও অসন্তোষ তুলে ধরেন। তাঁরা ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ও নিয়মিত মশক নিধন কার্যক্রম নিশ্চিত করার দাবি জানান।
আরও পড়ুন
নওগাঁয় স্কুল পড়ুয়া ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে কারাগারে জামায়াত নেতা ও শিক্ষক
পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী উদ্ধার, গ্রেফতার ২
পার্বতীপুরের হুগলিপাড়ায় খুদে ও যুব খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ