দৌলতপুর সীমান্তে চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম
তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি | বাংলাদেশ বার্তা টুডে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে চার ভারতীয় নাগরিককে নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয় বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে ঠোটারপাড়া বিওপির সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফের উদয় কিষান ক্যাম্পের সদস্যরা চার ভারতীয় নাগরিককে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।
এ সময় সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক সতর্ক অবস্থান নেন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন। বিজিবির আপত্তি ও তৎপরতার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।