ইবিতে 'জীবপ্রযুক্তি ও টেকসই পরিবেশ' বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে 'মাইকোলজি, জীবপ্রযুক্তি ও টেকসই পরিবেশবিষয়ক' আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টায় বিভাগের ৩৪৪ নম্বর কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে এক্সপ্লোরিং ফাঙ্গাই, ইনোভেশন অ্যান্ড আ গ্রিন টুমরো' প্রতিপাদ্যকে সামনে রেখে ছত্রাকবিজ্ঞান, জীবপ্রযুক্তির উদ্ভাবন এবং পরিবেশের টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পরে, বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীর উক্ত বিষয়ে প্রজেক্ট পোস্টার উপস্থাপন করে।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে ও অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন। প্রধান আলোচক ছিলেন চীনের বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির স্কুল অব ইকোলজি অ্যান্ড নেচার কনজারভেশনের অধ্যাপক ড. হি শুয়াংহুই এবং বিশেষ বক্তা ছিলেন চাইনিজ একাডেমি অব সায়েন্সের ইনস্টিটিউট অব মাইক্রোবায়োলজির স্টেট কি ল্যাবরেটরি অব মাইক্রোবিয়াল ডাইভার্সিটি অ্যান্ড ইনোভেটিভ ইউটিলাইজেশনের সহযোগী অধ্যাপক ড. লিউ শি-লিয়াং।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলি সাবিনা আযহার, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম। 

প্রধান আলোচক অধ্যাপক ড. হি শুয়াংহুই জানান, তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্ট। শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশনও ছিল অনবদ্য। শিক্ষার্থীদের বায়োটেকনোলজি বিষয়ে আরো দক্ষ হিসাবে গড়ে তুলতে চীন সরকার ও তাদের বিশ্ববিদ্যালয় গুলো বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে। ভবিষ্যতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় চীনের গুরুত্ব তুলে ধরে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। 

সেমিনারের প্রধান অতিথি উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরো দক্ষ করে গড়ে তুলতে এ আয়োজন ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা এখান ধারণা নিয়ে বিশ্ব পরিমণ্ডলে ইবির ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবে। এ ধরনের আয়োজন থেকে জ্ঞান অর্জন, বিশেষজ্ঞদের অভিজ্ঞতা শোনা এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ গ্রহণ করতে হবে।”

উল্লেখ্য, প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অ্যাকাডেমিক গবেষণাকর্ম উপস্থাপন, গবেষণার ফলাফল বিনিময় এবং বৈজ্ঞানিক উপস্থাপনা দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। একই সঙ্গে মাইকোলজি, বায়োটেকনোলজি ও টেকসই পরিবেশবিষয়ক গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং গবেষণাভিত্তিক শিক্ষার পরিবেশ উন্নয়নে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com