শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি বললেন-প্রেসিডেন্ট জাহাঙ্গীর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ এএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি । মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে । মানিকগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম বিশ্বাস ।

শনিবার মানিকগঞ্জে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) কার্যালয়ে দিবসটি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম বিশ্বাস ।

সিআরপির অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ ফিজিওথেরাপিস্ট সাদ্দাম হোসেন। অকুপেশনাল থেরাপি বিভাগের ইনচার্জ নীপা মোনালিসার সঞ্চালনায় অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন ইন্টার্ন অকুপেশনাল থেরাপিস্ট সুমাইয়া আক্তার ।

জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, উদ্বেগ, বিষণ্নতা ও মানসিক চাপে ভোগা ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে। তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার সহায়তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ ।

তিনি আরও বলেন, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য না করে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ সৃষ্টি করতে হবে । এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানো প্রয়োজন ।

অনুষ্ঠানে সিআরপির প্রতিবন্ধী প্রশিক্ষণার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com