চাটমোহরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম
পাবনা প্রতিনিধিঃ
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম, অভিভাবকদের মধ্যে মার্জিয়া পপি এবং শিক্ষার্থী সানজিদা সরোয়ার ও সিরাজুম মুনিরা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা বিস্তার এবং নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে তারা শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও কর্মক্ষেত্রসহ সব ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবে।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।