পাঁচবিবি উপজেলার আওলাইয়ে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী খালেদা আক্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮ নম্বর আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হয়েছেন মোছা. খালেদা আক্তার। নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে তিনি ইতোমধ্যে তিনটি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ভোটারদের সঙ্গে গণসংযোগ শুরু করেছেন। বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন।

খালেদা আক্তার পাঁচবিবি উপজেলার শন্তাদিগড় গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী আজিজুল হক ডাবলু একজন মৌসুমি ব্যবসায়ী। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান খালেদা আক্তারকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। গণসংযোগকালে ভোটারদের কাছ থেকে ইতিবাচক সারা পাচ্ছেন তিনি। 

স্থানীয় কয়েকজন ভোটার জানান, খালেদা আক্তার একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তাঁর পারিবারিক পরিচিতি, ধর্মীয় মূল্যবোধ ও ভালো আচরণের কারণে তিনি নির্বাচনে ভালো করবেন বলে তাঁরা আশা করছেন। তাঁদের মতে, এলাকার মানুষের পাশে থাকবেন এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন-এমন প্রার্থীই জনপ্রতিনিধি হিসেবে প্রয়োজন।

নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্য সম্পর্কে খালেদা আক্তার বলেন, আমার ও বাবার যথেষ্ট সম্পদ রয়েছে। জনপ্রতিনিধি হয়ে সংসার চালানোর জন্য আমাকে নির্বাচনে আসতে হবে না। আমি জনপ্রতিনিধিত্বের প্রচলিত পুরোনো ধারা পরিবর্তন করে মানুষের কল্যাণে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন অনুদান ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চান। এলাকার দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেবেন।

বিশেষ করে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা ও মাতৃত্বকালীন ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন সুবিধাগুলো যাতে প্রকৃত হকদাররা পান, সে বিষয়ে গুরুত্ব দেবেন।

এ ছাড়া নির্বাচিত হলে তিনটি ওয়ার্ডের নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানো, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

খালেদা আক্তারের স্বামী আজিজুল হক ডাবলু বলেন, এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতেই আমার স্ত্রীকে নির্বাচনে প্রার্থী করেছি।

তিনি নির্বাচিত হলে মানুষের কল্যাণে কাজ করবেন বলে আশা করছি। আগামী নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন এমন প্রত্যাশা আমাদের।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com