চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় ১৬ বছর পর স্ত্রীর যাবজ্জীবন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম
চট্টগ্রাম থেকে মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরে পারিবারিক কলহের জেরে স্বামী হেলাল উদ্দিনকে হত্যার মামলায় স্ত্রী হোসনে আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার ১৬ বছর পর এ রায় ঘোষণা করা হলো। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৯ মে রাত ১টার দিকে নগরের এনায়েত বাজারের বাটালী রোডে জাফর সওদাগরের কলোনিতে ভাড়া বাসায় হেলাল উদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রী হোসনে আরা বেগমের পারিবারিক কলহ হয়। একপর্যায়ে হোসনে আরা বেগম স্বামীর মাথায় অস্ত্র দিয়ে আঘাত করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। পরে হেলাল উদ্দিনের মৃত্যু হলে ঘরের বাইরে তালা লাগিয়ে তিনি আত্মগোপন করেন।
ওই দিন দুপুরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে। তাঁর মুখ, ডান পা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় কোতোয়ালী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন খান বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১০ সালের ১৪ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে হেলাল উদ্দিনকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁর স্ত্রী হোসনে আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত হোসনে আরা বেগম নগরের কোতোয়ালী থানাধীন লাভলেন ঝাউতলা এলাকার বাসিন্দা এবং মৃত হেলাল উদ্দিনের স্ত্রী।