দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা ফায়ার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম
তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি | বাংলাদেশ বার্তা টুডে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর সীমান্তের বাংলাদেশ অংশে বসবাসরত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে গুলিবিদ্ধ ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়। সীমান্তের এপারে অবস্থানরত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করা হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়েও সচেতন করা হচ্ছে। এ ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয়, শারীরিক অবস্থা এবং গুলিবর্ষণের বিস্তারিত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
সোনারগাঁওয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৫০ হাজার মিটার জাল জব্দ
মানবতার সেবায় অনন্য ফাতেমা নূর ফাউন্ডেশন UK: অসহায়দের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার
হরিপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা, ২০ মণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ