মাওনা চৌরাস্তা ডেঙ্গু প্রতিরোধে উড়ালসেতুর নিচে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে মাঠে বিডি ক্লিনের সদস্যরা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরের ব্যস্ততম মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
শনিবার সকাল ১১টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞার নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়। এতে সংগঠনটির শতাধিক সদস্য অংশ নেন।
অভিযানে উড়ালসেতুর নিচে জমে থাকা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। যত্রতত্র ময়লা ফেলার কারণে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার বিষয়টিও তুলে ধরেন স্বেচ্ছাসেবীরা।
বিডি ক্লিন গাজীপুর জেলার সমন্বয়ক সানোয়ার হোসেন বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনটি নিয়মিত বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। শুধু ময়লা পরিষ্কার করাই নয়, মানুষকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করাও তাঁদের কাজের অংশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্য সামনে রেখে শ্রীপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো গেলে মাওনা চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ এলাকায় বর্জ্য জমে থাকার সমস্যা অনেকটাই কমানো সম্ভব।
আরও পড়ুন
সোনারগাঁওয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৫০ হাজার মিটার জাল জব্দ
মানবতার সেবায় অনন্য ফাতেমা নূর ফাউন্ডেশন UK: অসহায়দের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার
হরিপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা, ২০ মণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ