পঞ্চগড়ে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’ উদ্বোধন, ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী ফরহাদ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৬ এএম

সঞ্জু বনিক সৌরভ | পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় | ১০ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ের নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও বিক্রির সুযোগ বাড়াতে চালু হয়েছে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে সাপ্তাহিক এ হাটের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

উদ্বোধনের পর প্রতিমন্ত্রী হাটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও নারী উদ্যোক্তারা।

প্রথম দিনেই অর্ধশত নারী উদ্যোক্তা তাঁদের পণ্যের পসরা সাজিয়ে বসেন। স্টলগুলোতে ছিল হস্তশিল্প, খাদ্যসামগ্রী, পোশাক, প্রসাধনী, চিত্রকর্ম ও বিভিন্ন শৌখিন সামগ্রী। প্রথম দিনেই হাটে ক্রেতা ও দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

আয়োজকেরা জানান, প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই হাট চলবে। অনলাইনে পণ্য বিক্রির পাশাপাশি হাটে স্টল দেওয়ার মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের পণ্যের পরিচিতি বাড়ানো ও ব্র্যান্ডিংয়ের সুযোগ পাবেন।

হাটের আয়োজক ও নারী উদ্যোক্তা আতিকা উলফাত বলেন, বাবুই পাখি যেমন নিখুঁতভাবে বাসা তৈরি করে, তেমনি নারী উদ্যোক্তারাও যত্নসহকারে তাঁদের পণ্য তৈরি করেন। এ ভাবনা থেকেই হাটের নাম রাখা হয়েছে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’। জেলার সব নারী উদ্যোক্তাকে একটি ব্র্যান্ডের আওতায় এনে বড় একটি নেটওয়ার্ক গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

তিনি আরও বলেন, সবার সহযোগিতা পেলে এই উদ্যোগকে আরও অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এই উদ্যোগের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হবেন এবং সংসারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। সমাজের অর্ধেক অংশ হিসেবে নারীরা তাঁদের সক্ষমতা এভাবেই প্রমাণ করতে পারবেন।

নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির সুযোগ তৈরি এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এই হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com