মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচাতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম

নাজমুল হাসান,​মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শকুনি লেক রক্ষা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পানিদূষণ রোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সচেতন নাগরিকরা।

শনিবার (১০ অক্টোবর) সকালে শকুনি লেকের পাড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পানিদূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে অংশ নেন মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, চিকিৎসক গোলাম সারোয়ার, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ, এনায়েত হোসেন নান্নু, অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, বায়জিদ মিয়া প্রমুখ। মানববন্ধনে ১০টি সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, শকুনি লেক মাদারীপুর শহরের ঐতিহ্য ও সৌন্দর্যের অন্যতম প্রতীক। একসময় লেকের মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করতেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। কিন্তু নানা অব্যবস্থাপনা, পরিবেশদূষণ ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে লেকটির পরিবেশ ও সৌন্দর্য হুমকির মুখে পড়েছে। এর পানিও দিনে দিনে দূষিত হয়ে যাচ্ছে। তাই এটি রক্ষা করা এখন সময়ের দাবী। এটি রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। লেকের পাড়ে থাকা অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ এবং পানিদূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে শকুনি লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পানিদূষণ রোধ এবং লেকের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, এক সময় নগরায়ণের প্রয়োজনে মাদারীপুরের শকুনি লেকটি খনন করা হয়। ২০১৭ সালে পৌরসভার তত্ত্বাবধানে সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে লেকের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে আরও দৃষ্টি নন্দন করে গড়ে তোলা হয়। এখন সৌন্দর্য পিপাসু বহু মানুষ দূরদূরান্ত থেকে প্রতিদিন সকাল-বিকেল ছুটে আসেন লেকের পাড়ে।

১৯৩৭-৩৮ সালের দিকে প্রমত্তা পদ্মা ও আড়িয়ালখাঁ নদীর ভাঙা-গড়ার খেলায় যখন মাদারীপুর মূল শহরের অস্তিত্ব বিলীন হতে থাকে। তখন নতুন করে শহর স্থানান্তরের জন্য মাটির প্রয়োজনে ১৯৪২-৪৩ সালে এ লেক খনন করা হয়। সে সময় এ এলাকাটি ছিল জনমানবহীন এবং বনজঙ্গলে ভরা একটি নিম্নভূমি।

নদীভাঙন কবলিত তৎকালীন মহকুমা শহরের কোর্ট-কাছারি, অফিস-আদালত, হাসপাতাল, থানা, জেলখানাসহ সরকারি কর্মকর্তাদের বাংলো স্থানান্তরের জন্য এই এলাকাটি বেছে নেওয়া হয়। কারণ সমতলে এ সব স্থাপনা তৈরির জন্য প্রচুর মাটি প্রয়োজন হওয়ায় তৎকালীন ব্রিটিশ সরকারের মাদারীপুর মহকুমা প্রশাসন এই লেকটি খনন করে মাটির চাহিদা পূরণ করেন। পরবর্তীতে এ লেকটি মাদারীপুরবাসীর কাছে হয়ে উঠে সৌন্দর্য আর বিনোদনের কেন্দ্র।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com