হাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ' এর প্রতিনিধিরা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পিএম
নুরুজ্জামান, হাবিপ্রবি প্রতিনিধি:
দেশের উত্তর সীমান্তের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া ইনকিলাব মঞ্চের দীর্ঘ পদযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’ আজ রোববার(১১ অক্টোবর) দিনাজপুরে প্রবেশ করেছে। পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা পেরিয়ে পদযাত্রীরা এদিন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পৌঁছান। সেখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে তিন দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, “গত ৫ দিন ধরে দেশের সর্ব-উত্তরের স্থান বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে আমরা ‘মার্চ ফর ইনসাফ’ পদযাত্রা শুরু করেছি। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সরকারের কাছে আমরা বার্তা দিতে চাই যে, বিচারের দাবিতে দেশের মানুষ ঐক্যবদ্ধ।”
ইনকিলাব মঞ্চের তিন দফা দাবি হলো:
১. আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দিল্লি থেকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা।
২. গণভোটে জনগণের দেওয়া ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার রায় বাস্তবায়ন করা।
৩. জুলাই গণহত্যা, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা।
বক্তব্যে আবদুল্লাহ আল জাবের আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে তরুণেরা সব রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকবেন।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, জনসমর্থন তৈরি করে সরকারকে সহযোগিতা করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। তবে কোনো টালবাহানা বা ষড়যন্ত্র বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, কোনো ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
সমাবেশ শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং আন্দোলনকারীদের সুস্থতা ও নিরবচ্ছিন্ন পদযাত্রার জন্য বিশেষ দোয়া করা হয়। আয়োজকেরা জানান, দিনাজপুরের কর্মসূচি শেষে টেকনাফ অভিমুখে তাদের পদযাত্রা অব্যাহত থাকবে।