মসজিদে দলীয় রাজনীতি নয়, ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:১১ পিএম
সঞ্জু বনিক সৌরভ | পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় | ১০ অক্টোবর ২০২৬
মসজিদকে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র না বানিয়ে আল্লাহর ঘরের প্রকৃত মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ইসলাম কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সম্পত্তি নয়; ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়াই ধর্মীয় আয়োজনের মূল উদ্দেশ্য হওয়া উচিত।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মসজিদ আল্লাহর ঘর। অতীতে মসজিদকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। মসজিদকে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে রেখে ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ চর্চার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
মাহফিল আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, তিনি কোনো মাহফিলের বিরুদ্ধে নন; বরং এ ধরনের ধর্মীয় আয়োজনকে সহযোগিতা করতে চান। তবে মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা কিংবা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের নেতাকর্মীদের সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
ধর্মীয় অনুষ্ঠানে বক্তা নির্বাচনের বিষয়ে গুরুত্বারোপ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, মাহফিলে এমন নিরপেক্ষ আলেম ও বক্তাদের আমন্ত্রণ জানানো উচিত, যাঁরা কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরবেন। রাজনৈতিক প্রচারের পরিবর্তে মানুষের নৈতিক উন্নয়ন ও সৎপথে চলার শিক্ষা দেওয়াই হওয়া উচিত এসব আয়োজনের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, এলাকায় যোগ্য ও নিরপেক্ষ আলেমদের খুঁজে বের করতে হবে, যাঁরা কোরআন-হাদিসের আলোকে মানুষকে সঠিক দিকনির্দেশনা দিতে পারবেন। তাঁদের মাধ্যমে মাহফিল আয়োজন করা হলে তিনি স্বাগত জানাবেন। পাশাপাশি এসব ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা এবং আয়োজন সফল করতে আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় অনুষ্ঠান ইসলামের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রচারের মাধ্যম হিসেবে কাজ করবে—এটাই প্রত্যাশা। ধর্মীয় শিক্ষার সঠিক চর্চা নিশ্চিত করতে আলেম-ওলামা ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মুফতি মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মো. রফিকুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল এবং সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এমএ বারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. খায়রুল ইসলাম। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ঘিওরে রবিন টিচিং হোমের ১৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
মহালছড়িতে কাব স্কাউটের তাবু জলসা: আনন্দ-উচ্ছ্বাসে নেতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা
কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ বজলুর রহমানের সমর্থনে কর্মী সমাবেশ