কুষ্টিয়ায় জগতি চিনিকল চালুর দাবিতে জামায়াতের গণসমাবেশ, আন্দোলনের হুঁশিয়ারি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পিএম
কুষ্টিয়ায় জগতি চিনিকল চালুর দাবিতে জামায়াতের গণসমাবেশ, আন্দোলনের হুঁশিয়ারি।
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি | বাংলাদেশ বার্তা টুডে।
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জগতি চিনিকল পুনরায় চালু, আখচাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং বঞ্চিত শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রতিবাদ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে দ্রুত সরকারি উদ্যোগে চিনিকলটির আধুনিকায়ন ও আখ মাড়াই কার্যক্রম চালুর দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার জগতি চিনিকল ফটকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নায়েবে আমির মো. আবদুল গফুর বলেন, জগতি চিনিকল কুষ্টিয়ার অর্থনীতি ও কর্মসংস্থানের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে কারখানাটি বন্ধ থাকায় শ্রমিক পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছে এবং আখচাষিরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অবহেলা ও অব্যবস্থাপনার কারণে ঐতিহ্যবাহী এই শিল্পপ্রতিষ্ঠানকে ধ্বংস হতে দেওয়া যায় না। দ্রুত চিনিকলটি চালুর মাধ্যমে কর্মসংস্থান ফিরিয়ে আনা এবং স্থানীয় অর্থনীতি সচল করার দাবি জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, কৃষক ও শ্রমিক দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। জগতি চিনিকল বন্ধ থাকায় সংশ্লিষ্ট বহু পরিবার অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আধুনিকায়নের মাধ্যমে দ্রুত কারখানাটি চালু করা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন বলেন, চিনিকলটি পুনরায় চালু করা হলে কুষ্টিয়াসহ আশপাশের অঞ্চলের অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে। সংসদ ও রাজপথে কারখানাটি চালুর দাবিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা সেক্রেটারি মো. এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি মো. খাইরুল ইসলাম রবিন, মিরপুর উপজেলা আমির রেজাউল করিম, কুষ্টিয়া শহর আমির আনিসুর রহমান পারভেজ, সুগার মিল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আলম মালিথা ও সেক্রেটারি মীর শাহাবুর রহমান খয়বার।
এ ছাড়া বক্তব্য দেন শ্রমিক নেতা নুরুল ইসলাম নূরী, সিবিএর সাবেক সভাপতি জাহিদুল ইসলাম লতিফ ও নিজামুল করিম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসিন আলী।
বক্তারা বলেন, জগতি চিনিকল চালু হলে আখচাষিরা উৎপাদিত আখের ন্যায্য বাজার পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি ফেরার সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সমাবেশে কুষ্টিয়া সুগার মিল আখচাষি কল্যাণ সমিতি, সিবিএ, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং জামায়াতের স্থানীয় শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় স্থানীয় আখচাষি, শ্রমিক, কর্মচারী ও সাধারণ মানুষের উপস্থিতিও ছিল।