মীরসরাইয়ে মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাফেল দ্বিতীয়বার নির্বাচিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম

চট্টগ্রাম থেকে মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মো. মনোয়ার হোসেন চৌধুরী রাফেল। গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে বিদ্যালয়টির ছয় মাস মেয়াদি অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবদুল কাইয়ুম স্বাক্ষরিত ওই চিঠিতে মো. মনোয়ার হোসেন চৌধুরীকে সভাপতি, মো. নিজাম উদ্দিন ভূঁইয়াকে জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত শিক্ষক প্রতিনিধি এবং মোহাম্মদ শহীদুল আলমকে অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। অনুমোদনের তারিখ থেকে পরবর্তী ছয় মাস এ কমিটি দায়িত্ব পালন করবে।

মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়টি মীরসরাই উপজেলার ৯ নম্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মরহুম আজহারুল হক চৌধুরী নওশা মিয়া। এলাকায় ধর্মীয় ও সাধারণ শিক্ষার প্রসার, স্কুল-কলেজ প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে তিনি দীর্ঘদিন অবদান রেখেছেন। তাঁর প্রতিষ্ঠিত এ বিদ্যালয় দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়ে মো. মনোয়ার হোসেন চৌধুরী রাফেল বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।

রাফেল মরহুম আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর বাবা মরহুম আলহাজ্ব আজহারুল হক চৌধুরীর স্মৃতি সংরক্ষণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বড় ভাই মজহার হোসেন চৌধুরী সোহেলের দিকনির্দেশনায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার বড় ছেলে মজহার হোসেন চৌধুরী সোহেল এর আগে প্রায় এক যুগ বিদ্যালয়টির সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর সময়ে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিভিন্ন অবদান রাখেন তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com