পত্নীতলায় গ্রামবাসীর উদ্যোগে মাদক নির্মূল কমিটি গঠন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:০৭ এএম
মোঃ মিলন শাহ্ , বিশেষ প্রতিনিধি ,পত্নীতলা ,নওগাঁ ।
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মাদক নির্মূল ও সমাজ থেকে অপরাধ দূর করার লক্ষ্যে থানা পুলিশের পরামর্শে এবং স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে একটি শক্তিশালী ‘মাদক নির্মূল কমিটি’ গঠন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম মন্ডল। সভা পরিচালনা ও সঞ্চালনা করেন সাবেক এমপি মোঃ শামসুজ্জোহা খানের ভাতিজা মো: রুহুল আমিন।
আলোচনা সভায় প্রধান প্রধান বক্তা ও উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ৭ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো: কামাল হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: মোকলেছার রহমান, পত্নীতলা উপজেলা চালক দলের সাধারণ সম্পাদক মো: শাহিন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ গ্রামবাসী।
সভায় বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। থানা পুলিশের গঠনমূলক দিকনির্দেশনা অনুযায়ী গ্রামের নিরাপত্তা বিধান ও মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রতিরোধে এ কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করা হয়।