নওগাঁয় পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে কিশোরের আ/ত্ম/হ/ত্যা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, পছন্দের নারীকে বিয়ে করতে না পারার অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে।

নিহত সিফাত হোসেন লক্ষ্মীপুর গ্রামের মো. আসাদুল ইসলাম ওরফে কুইনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত এবং সেখানে একটি হোটেলে কাজ করত। ঢাকায় অবস্থানকালে তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই নারীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে সে। তবে সিফাতের বয়স কম হওয়ায় এবং ওই বিয়েতে বাবা-মা রাজি না থাকায় প্রায় সাত দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

গ্রামে ফেরার পর প্রথমে সে তার নানির বাড়িতে অবস্থান করে। তিন দিন আগে নিজ বাড়িতে আসে সিফাত। রোববার রাতে চাচার বাড়িতে খাবার খেয়ে রাত ১০টার দিকে নিজের শয়নকক্ষে ঘুমাতে যায় সে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিফাতের চাচি সুজি বেগম তাকে নাশতা খাওয়ার জন্য ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দেয়ালের ফাঁক দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন এবং দরজা খুলে ঘরে প্রবেশ করেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যরা বিয়েতে রাজি না হওয়ায় অভিমান করে সিফাত আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত ও তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com