ধামইরহাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম
মোঃ মিলন শাহ বিশেষ প্রতিনিধি পত্নীতলা নওগাঁ :
নওগাঁর ধামইরহাটে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, শিক্ষক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-২ (পত্নীতলা- ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা শারমিন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ পারভেজ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।