মানিকগঞ্জে এলপিজির বাজার পরিস্থিতি, মূল্য স্থিতিশীল ও বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা বিষয়ে আলোচনা সভা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

মানিকগঞ্জে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন পরিবেশকেরা ।পরিবহন, শ্রমিকের মজুরি ও লোড-আনলোডসহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় নির্ধারিত দামে গ্যাস বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি জানান তারা । এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ রক্ষায় জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে মানিকগঞ্জ জেলা এলপিজি গ্যাস পরিবেশক সমিতি ।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এলপিজির বাজার পরিস্থিতি, মূল্য স্থিতিশীল রাখা এবং বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে । জেলা প্রশাসন এ সভার আয়োজন করে । এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ এবং জেলা এলপিজি পরিবেশক সমিতির সভাপতি মো. লোকমান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া । জেলার বিভিন্ন এলাকার পরিবেশকেরাও সভায় অংশ নেন ।

সমিতির সভাপতি মো. লোকমান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া জেলা প্রশাসকের কাছে দেওয়া এক স্মারকলিপিতে জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২০২৬ সালের অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে । কমিশনের নির্ধারিত কাঠামো অনুযায়ী পরিবেশক পর্যায়ে সরবরাহমূল্য ১ হাজার ৭৪২ টাকা হওয়ার কথা। তবে কোম্পানিভেদে পরিবেশকদের কাছে ১ হাজার ৭৪২ থেকে ২ হাজার টাকা পর্যন্ত দামে গ্যাস বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তাদের ।

স্মারকলিপিতে আরও বলা হয়, কোম্পানিগুলো পরিবেশকদের কোনো কমিশন ও ভাড়া দিচ্ছে না । অন্যদিকে, কোম্পানি থেকে গ্যাস সংগ্রহ, ডিপো থেকে খুচরা পর্যায়ে পরিবহন, শ্রমিকের মজুরি, লোড-আনলোড ও লাইসেন্সসহ বিভিন্ন খরচ বহন করতে হচ্ছে । ফলে বেশি দামে গ্যাস কিনে বিইআরসির নির্ধারিত মূল্যে বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে দাবি পরিবেশকদের ।

তাদের ভাষ্য, নির্ধারিত দামের বেশি মূল্যে গ্যাস বিক্রি করলে ভোক্তা অধিকার ও মূল্যসংক্রান্ত বিধিবিধানের জটিলতায় পড়তে হচ্ছে । এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন । স্মারকলিপিতে আমদানিকারক কোম্পানিগুলোর ব্যয়, বিশেষ করে মোংলা বন্দর দিয়ে গ্যাস আমদানির ক্ষেত্রে অতিরিক্ত খরচের বিষয়টি বিবেচনায় নেওয়ার দাবি জানানো হয় ।

সভায় এলপিজির বাজার পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ন্যায্যমূল্য নিশ্চিত করা, মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় । ব্যবসায়ীদের অভিযোগ ও বাজারের বাস্তবতা বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com