পাঁচবিবিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, মণ্ডপে আলোকসজ্জার কাজ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শনিবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। ৫ দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। 

পূজাকে কেন্দ্র করে প্রতিমার গায়ে রংতুলির কাজ শেষ হয়েছে। এখন চলছে শেষ পর্যায়ের আলোকসজ্জার কাজ।

সোমবার কুমারী পূজা এবং বুধবার (২০ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী জানান, এ বছর পাঁচবিবি উপজেলায় মোট ৭৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।

এর মধ্যে পৌরসভায় ১৬টি, বাগজানা ইউনিয়নে ৭টি, ধরঞ্জী ইউনিয়নে ১৪টি, আয়মারসুলপুর ইউনিয়নে ১১টি, বালিঘাটা ইউনিয়নে ৭টি, আটাপুর ইউনিয়নে ৯টি, মোহাম্মদপুর ইউনিয়নে ৪টি, কুসুম্বা ইউনিয়নে ৮টি ও আওলাই ইউনিয়নে ৩টি মণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। থানা পুলিশের টহল টিম সার্বক্ষণিক মনিটরিং করবে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন থাকবে এবং আমাদের টহল টিম সার্বক্ষণিক মাঠে থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন বলেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল দপ্তরের সমন্বয়ে আমরা কাজ করছি। আশা করি সকলের সহযোগিতায় এবারের পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com