কালাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল— “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল গড়ি”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ।
কর্মসূচিতে কালাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন। এ সময় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান তালুকদার হিরো।
এ ছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুর্যোগের ঝুঁকি হ্রাস, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।