প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি |
কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। লাঞ্ছিত সাংবাদিকদের মধ্যে স্টার নিউজের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম রয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা কবরস্থানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রতিমন্ত্রী মীর শাহে আলম শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও দোয়া শেষে ঘটনাস্থল ত্যাগ করার সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা হট্টগোলের দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন উত্তেজিত নেতাকর্মী তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকদের দাবি, তাঁদের ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলারও চেষ্টা করা হয়। এতে বাধা দিলে স্টার নিউজের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামসহ তিন সাংবাদিক শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হন।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক নেতারা।
তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংবাদ সংগ্রহের কাজে বাধা দেওয়ার মতো ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।