ডিন'স অ্যাওয়ার্ড পেলেন ইবির ফিন্যান্স বিভাগের তিন শিক্ষার্থী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ এএম
ওসমান গণি, ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন কর্তৃক প্রদত্ত অ্যাকাডেমিক এক্সিলেন্সের স্বীকৃতিস্বরূপ ডিন'স অ্যাওয়ার্ড অর্জন করেছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তিনজন শিক্ষার্থী। বুধবার (১৪ অক্টোবর) ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত ডিন'স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তাদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেন। এতে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এসময় বিভিন্ন অনুষদের ডিন-সহ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ১ম স্থান অর্জনকারী একজন , ২য় স্থান অর্জনকারী একজন ও যৌথভাবে ৩য় স্থান অর্জনকারী চারজন-সহ মোট ছয়জন শিক্ষার্থী ডিন'স অ্যাওয়ার্ড পেয়েছেন। তারমধ্যে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে ডিন'স অ্যাওয়ার্ড পেয়েছেন তিনজন শিক্ষার্থী । তারা হলেন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রত্যয় সানা, সিরাজুল ইসলাম ও অনিন্দ্য সাহা। অনুষদভিত্তিক ফলাফলের ক্রমানুসারে প্রত্যয় সানা দ্বিতীয় স্থান ও সিরাজুল ইসলাম এবং অনিন্দ্য সাহা সমান সিজিপিএ নিয়ে যৌথভাবে দুইজনই তৃতীয় স্থান অধিকার করেছেন।
বিভাগের শিক্ষার্থীদের এমন সাফল্যে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হালিম বলেন, বিভাগের শিক্ষার্থীদের সফলতায় আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীরা নিজেদের পরিশ্রম ও মেধার সমন্বয়ে এই অ্যাওয়ার্ড অর্জন করেছে। শিক্ষার্থীদের জন্য দোয়া ও ভবিষ্যতে আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। পাশাপাশি শিক্ষার্থীরা যেন এই অর্জনকেই শেষ অর্জন মনে না করে। আগামীতে আরো ভালো কিছু করার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের শিক্ষার্থীদের মধ্যে অ্যাকাডেমিক এক্সিলেন্সের স্বীকৃতিস্বরূপ ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী ৩ জনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডিন'স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবারে ২০১৯ -২০ শিক্ষাবর্ষের আট অনুষদের মোট ৩৬ জন শিক্ষার্থী এ সম্মাননা পেয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন ছাত্র ও ১১ জন ছাত্রী রয়েছেন।