জয়পুরহাটের কৃতী সন্তান ব্যারিস্টার কায়কোবাদ খান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের কৃতী সন্তান ব্যারিস্টার কায়কোবাদ খান। মেধা, অধ্যবসায় ও উচ্চশিক্ষার মাধ্যমে তিনি অর্জন করেছেন আইন বিষয়ে দেশি-বিদেশি শিক্ষাগত যোগ্যতা। তাঁর শিক্ষাজীবনের সাফল্য স্থানীয়ভাবে গর্ব ও অনুপ্রেরণার বিষয়।
ব্যারিস্টার কায়কোবাদ খান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা এ এইচ এম শামসুজ্জোহা খান, যিনি টুলু মাস্টার নামে পরিচিত। তাঁর মাতা কোহিনুর খানম।
কায়কোবাদ খানের শিক্ষাজীবনের সূচনা আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
এরপর তিনি আলমপুর দিমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে রাজশাহী সিটি কলেজ, রাজশাহী থেকে ২০০৯ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৯০ পেয়ে উত্তীর্ণ হন।
উচ্চশিক্ষার ধারাবাহিকতায় তিনি ২০০৯-১০ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এলএলবি ও মাস্টার্স পর্যায়ে পড়াশোনা করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের লেস্টার ইউনিভার্সিটিতে আইন বিষয়ে বার অ্যাট ল সম্পন্ন করে ফার্স্ট ক্লাস অর্জন করেন।
গ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষাজীবন শুরু করে দেশ-বিদেশের উচ্চশিক্ষার বিভিন্ন ধাপ অতিক্রম করার এই যাত্রা তরুণ প্রজন্মের কাছে অধ্যবসায় ও লক্ষ্যনিষ্ঠার একটি অনুপ্রেরণামূলক উদাহরণ হতে পারে।
জয়পুরহাটের ক্ষেতলালের আলমপুর গ্রামের এই সন্তান তাঁর শিক্ষাগত অর্জনের মধ্য দিয়ে নিজ এলাকার পরিচিতি তুলে ধরেছেন। তাঁর জীবন ও শিক্ষাযাত্রা স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী হতে উৎসাহিত করবে-এমন প্রত্যাশা এলাকাবাসীর।