নওগাঁয় নূনিয়াপট্টি ও সুইপার কলোনিতে ডিবি-পুলিশের যৌথ অভিযান: গাঁজা ও টাকাসহ আটক ৭

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পিএম

মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি (পত্নীতলা, নওগাঁ):

নওগাঁয় মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত নূনিয়াপট্টি ও সুইপার কলোনিতে ঝটিকা যৌথ অভিযান চালিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানার যৌথ এ অভিযানে ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৩৪ হাজার ৬০০ টাকা উদ্ধারসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

​বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রথমে মূল দুই মাদক কারবারি—ভবানীপুরের মোঃ মেহরাব আলম ওরফে শরীফ (৩৫) ও সরইলের হামিম আলীকে (২৪) গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপস্থিত লোকজনের সামনে একটি লাল বালতিতে রাখা ১৪৫টি পুরিয়ায় প্যাকেটজাত মোট ৪০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৪,৬০০ টাকা জব্দ করা হয়।

​একই অভিযানে মাদক সেবন ও এলাকায় জনউপদ্রব (পাবলিক নুইসেন্স) সৃষ্টির অপরাধে আরও ৫ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন—মঙ্গলপুরের মোঃ শাকিল হোসেন (২৬) ও মোঃ শামীম ওরফে মজি (২১), বগুড়ার আদমদীঘির মোঃ মতিউর রহমান (৩৫), মান্দার মোঃ রিপন হোসেন (২৮) এবং আরজী নওগাঁর মোঃ আলম শাহ ওরফে আসিফ (২৪)।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

​এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, "নওগাঁ জেলা পুলিশ যেকোনো মূল্যে নূনিয়াপট্টিসহ পুরো জেলায় মাদক বিক্রি বন্ধ করতে বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com