নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ : হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সার ডিলারশিপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জেরে এক ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের হাসনাবাদ ইউনিয়ন শাখা। কর্মসূচি থেকে সংশ্লিষ্ট সার ডিলারশিপের বৈধতা যাচাই, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত ব্যক্তিকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ব্যাপারীহাট বাজারে এ কর্মসূচি পালন করেন হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল আজাদ সার ডিলারশিপ পাওয়ায় এ নিয়ে ফেসবুকে সমালোচনা করেন একই ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম। এর জেরে আব্দুল আজাদের ছোট ভাই ও হাসনাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মুঠোফোনে খোরশেদ আলমকে হুমকি দেন। অভিযোগ অনুযায়ী, রাস্তায় পেলে তাঁকে জবাই করার হুমকি দেওয়া হয়। এ-সংক্রান্ত একটি ফোনালাপের রেকর্ড তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন অভিযোগকারীরা।

বিক্ষোভকারীদের দাবি, আব্দুর রশিদ আগে হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছে বলেও জানানো হয়। এ সময় মেসার্স কামাল ট্রেডার্সের সার ডিলারশিপের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক লাভলু মিয়া, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদ আলমসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী। সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক লাভলু মিয়া বলেন, আব্দুর রশিদকে দল থেকে বহিষ্কার এবং তার সংশ্লিষ্ট সার ডিলারশিপ বাতিল করতে হবে। অন্যথায় তারা ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনে যাবেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি|

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com