দুর্গাপূজা: আনন্দ, সম্প্রীতি ও ভালোবাসার প্রত্যাশায় চার শিক্ষার্থী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম

শুভ কর্মকার | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

শারদীয় দুর্গোৎসব মানেই ঢাকের শব্দ, কাশফুলের দোলা, নতুন পোশাক, প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর দেবী দুর্গার আরাধনা। তবে উৎসবের আনন্দের বাইরেও দুর্গাপূজাকে ঘিরে থাকে মানুষের নানা প্রত্যাশা—সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠা, বৈষম্যহীন পরিবেশ, পরিবারের সুখ-শান্তি এবং সবার জন্য সুন্দর একটি পৃথিবী গড়ে তোলার স্বপ্ন।

দুর্গাপূজাকে ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর প্রত্যাশাতেও উঠে এসেছে আনন্দ, ঐক্য, মানবিকতা ও শান্তির কথা।

শুভ কর্মকার, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থী। তাঁর প্রত্যাশা, দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে। সমাজ থেকে দূর হোক বৈষম্য, অহংকার ও হিংসা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন হাসি-আনন্দে ও সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব উদযাপন করতে পারে। দেশের প্রতিটি মানুষের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি নেমে আসুক—মা দুর্গার কাছে এটাই তাঁর প্রার্থনা।

শ্রীকান্ত রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাঁর কাছে দুর্গাপূজা সম্প্রীতি ও আনন্দের প্রতীক। তিনি চান, পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে সবার পূজা কাটুক আনন্দময়। ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক, উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

উৎপল রায়, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থী। তাঁর প্রত্যাশা, সবার দুর্গাপূজা কাটুক নিজের মনের মতো করে। নতুন পোশাক, পছন্দের খাবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে পূর্ণতা পাক উৎসব। সবার মুখে হাসি ফুটুক, প্রতিটি পরিবারে ছড়িয়ে পড়ুক আনন্দ ও ভালোবাসা।

সুরঞ্জিত রায়, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থী। তিনি চান, পরিবার-পরিজনকে নিয়ে সুন্দর ও আনন্দময়ভাবে দুর্গাপূজা উদযাপন করতে। পাশাপাশি দেশের প্রতিটি মানুষের মনের ভালো ইচ্ছাগুলো পূরণ হোক। সমাজের সব ভেদাভেদ ভুলে মানুষ একে অপরের পাশে দাঁড়াক। মা দুর্গার কাছে তাঁর প্রার্থনা, দেশের প্রতিটি মানুষ যেন ভালো থাকে এবং শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে পারে।

চার শিক্ষার্থীর প্রত্যাশা ভিন্নভাবে প্রকাশ পেলেও তাঁদের ভাবনার মূল সুর এক—দুর্গাপূজা হোক সবার আনন্দের, সম্প্রীতির ও ভালোবাসার উৎসব। উৎসবের আলোয় মুছে যাক দুঃখ-কষ্ট, দূর হোক বিভেদ ও বিদ্বেষ। ধর্ম যার যার, উৎসবের আনন্দ হোক সবার।

মা দুর্গার আগমনে প্রতিটি হৃদয়ে জাগুক শুভবোধ, সমাজে প্রতিষ্ঠিত হোক মানবিকতা এবং সবার জীবনে বয়ে আসুক শান্তি ও কল্যাণের বার্তা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com