ঘিওরে "রেড এলার্ট" লাল ক্যাপে মাদক বিরোধী সমাবেশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রায় ছয় শতাধিক মানুষের মাথায় লাল ক্যাপ পড়িয়ে এভাবেই ‘রেড এলার্ট’ ঘোষণা করা হয় মানিকগঞ্জের ঘিওরে । তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ সমাবেশে স্থানীয় মানুষের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সংহতি প্রকাশ করেন ।

‘মাদকমুক্ত দেশ চাই, নিরাপদ ভবিষ্যৎ চাই’ প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার চরঘিওরে আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । 

সমাপনী বক্তব্যে সমাবেশের সভাপতি ও প্রয়াত আব্দুল মজিদ মাস্টারের বড় ছেলে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোহসিন (মাফিন) বলেন, ‘এটা রেড একটি এলার্ট । মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংকেত হিসেবে লাল ক্যাপ ব্যবহার করা হয়েছে । এর মাধ্যমে মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার বার্তা জানানো হয়েছে ।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহরম আলী । স্বাগত বক্তব্য দেন আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমির আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির ইকবাল । তিনি প্রয়াত আব্দুল মজিদ মাস্টারের ছোট ছেলে । তার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয় । বাংলাদেশ আবৃত্তি সোসাইটি কেন্দ্রীয় কমিটির পরিচালক সামসুল আলম অনুষ্ঠান সঞ্চালন করেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. আরিফ মোরশেদ, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সোহেল রানা খন্দকার এবং গ্রামের সমাজপতিরা ।

বক্তারা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে । মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক প্রতিরোধ জোরদার করাও জরুরি । তাদের মতে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব ।

ঘিওর উপজেলার ঘিওর সদর ইউনিয়নের ধলেশ্বরী নদীর উত্তরপাড় চরঘিওর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com