নওগাঁয় সাংবাদিকের দুই পুকুরে বিষ প্রয়োগ, ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম
মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি, পত্নীতলা, নওগাঁ।
নওগাঁয় সংবাদকর্মীর দুই পুকুরে বিষ প্রয়োগ, ১৫ লাখ টাকার মাছ নিধন
নওগাঁর পত্নীতলায় দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি আবু সাঈদের লিজ নেওয়া দুটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে তাঁর প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি উপজেলার নজিপুর ইউনিয়নের যোগিবাড়ি ও খোদ্দবড়াইল মৌজায় দুটি পুকুর লিজ নিয়ে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন আবু সাঈদ। গত বুধবার রাতে খোদ্দবড়াইল মৌজার পুকুরটিতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে, যার ফলে সকাল হতেই সব মাছ মরে ভেসে ওঠে। এর প্রায় এক সপ্তাহ আগে একই কায়দায় যোগিবাড়ি মৌজার অন্য পুকুরটির মাছও মেরে ফেলা হয়।
পরপর দুটি ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়া আবু সাঈদ জানান, কারা এই শত্রুতা করেছে তা তিনি নিশ্চিত নন। এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।