নওগাঁয় সিএনজির ধাক্কায় আহত এক সাইকেল আরোহীর মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ এএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে সিএনজির ধাক্কায় গুরুতর আহত রেজাউল ইসলাম (৪৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার আগে দুর্ঘটনার শিকার হওয়ার পর আজ রবিবার (১৮ অক্টোবর) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রেজাউল ইসলাম মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের দাশড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার আগে রেজাউল ইসলাম বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে সরস্বতীপুর বাজারে যাচ্ছিলেন। পথে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক সড়কের সরস্বতীপুর বাজারের কদমতলীর মোড়ে পৌঁছালে নওগাঁ থেকে মহাদেবপুরগামী একটি দ্রুতগতির সিএনজি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (বগুড়া) পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com