বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম
খালেদ মাহবুব খাঁন আরাফাত, বান্দরবান।
বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে সপ্তাহব্যাপী নানা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিয়েছে উৎসব উদযাপন পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা। আগামী ২১ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত হ্যান্ডবল টুর্নামেন্ট, ম্যারাথন দৌড়, মঙ্গল রথযাত্রা, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, ফানুস উত্তোলন ও পাড়াভিত্তিক পিঠা তৈরির উৎসবসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে এ উৎসব।
উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উক্যসিং মামা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবের প্রথম দিন ২১ অক্টোবর বুধবার বিকেল ৩টায় হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য উ চনুমংয়ের। ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। ২৪ অক্টোবর শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিসেস মাধবী মার্মার।
২৫ অক্টোবর রোববার সকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ কে এস মং-এর।
২৬ অক্টোবর সোমবার বিকেল ৫টায় পুরাতন রাজবাড়ি প্রাঙ্গণ থেকে রাজগুরু বৌদ্ধবিহার (খ্যংওয়াক্যং) ও উজানীপাড়া রাজগুরু বৌদ্ধবিহারে (খিয়ংফিয়াক্যং) পূজা-অর্চনার উদ্দেশ্যে মঙ্গল রথযাত্রা বের করা হবে। একই দিন সন্ধ্যা ৬টায় রাজগুরু বৌদ্ধবিহার প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও চুলামণি জাদির উদ্দেশ্যে ফানুস উত্তোলন করা হবে। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে পাড়াভিত্তিক পিঠা তৈরির উৎসব।
উৎসবের শেষ দিন ২৭ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টায় দায়ক-দায়িকা ও সর্বসাধারণের পূজার উদ্দেশ্যে পুরাতন রাজবাড়ি থেকে পাড়া প্রদক্ষিণ করে উজানীপাড়া খেয়াঘাটে রথ উৎসর্গ করা হবে। এর মধ্য দিয়ে এবারের রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষ হবে।
উৎসব উদযাপন পরিষদ জানিয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদা বজায় রেখে এবারের আয়োজন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবের বিভিন্ন কর্মসূচি সফল করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছে পরিষদ।
আরও পড়ুন
বোমা উদ্ধারের আতঙ্ক পেরিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব
জয়পুরহাটে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ