২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, সরাসরি যাত্রার সুযোগ ১০ জেলার যাত্রীদের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম

মোহাম্মদ হাসান: বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম। 

ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। আগামী ২৬ অক্টোবর থেকে চালু হচ্ছে এ সেবা। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ পথে বিভিন্ন স্টেশনের যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যেতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান বাংলানিউজকে বলেন, বর্ধিত রুটে মহানগর এক্সপ্রেস চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা পৌঁছাবে।

যাত্রাপথে ট্রেনটি নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে থামবে। কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের মতো বিরতিহীন না হয়ে নির্ধারিত স্টেশনগুলোতে যাত্রাবিরতি দেবে মহানগর এক্সপ্রেস।

ট্রেনটিতে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ শ্রেণিতে ভ্রমণের সুবিধা থাকবে। তবে নতুন সময়সূচি কার্যকর হলে কুমিরা স্টেশনে এর যাত্রাবিরতি বন্ধ হবে বলে জানিয়েছেন রেলওয়ের এই কর্মকর্তা।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণ হলে মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীদের কক্সবাজার যাতায়াতে নতুন সুবিধা যুক্ত হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com